ঢাকা | বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি

ইসলামাবাদে আলোচনায় এখনও ইরানের প্রতিনিধি নেই, আনিশ্চয়্যতা বাড়ল

পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় এ পর্যন্ত ইরানের কোনো প্রতিনিধি দল পৌঁছায়নি। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি এই তথ্য নিশ্চিত করে। ফরাসি বার্তা সংস্থা এএফপি-র রিপোর্ট আন্তর্জাতিক কুটনৈতিক মহলে আলোচনা ছড়িয়েছে।

আইআরআইবি-র প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, আলোচনায় বসার সিদ্ধান্ত পুরোপুরি যুক্তরাষ্ট্রের আচরণ ও নীতিগত পরিবর্তনের ওপর নির্ভর করছে। যদি ওয়াশিংটনের বর্তমান অবস্থানে ইতিবাচক পরিবর্তন না আসে, তবে তেহরান বৈঠকে অংশগ্রহণে অনীহা প্রকাশ করেছে বলে তারা ইঙ্গিত দিয়েছেন।

প্রস্তাবিত এই প্রথম দফার বৈঠকের লক্ষ্য ছিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনা ও সম্পর্কের সংকট কমানো। তবে ইরানের অনিশ্চিত মনোভাব ওই প্রচেষ্টাকে জটিল করে তুলেছে এবং কূটনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করলেও ইরানের প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্তের ফলে এখন পরিস্থিতি স্থবির হয়ে দাঁড়িয়েছে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক সময়সূচি বা বক্তব্য জানানো হয়নি। মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকেও এই বিলম্ব সম্পর্কে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাই তাকিয়ে আছে—তেহরান কীভাবে পদক্ষেপ নেবে এবং ওয়াশিংটন তাদের অবস্থান বদলাবে কি না, তার ওপর ভবিষ্যৎ কূটনৈতিক চিত্র নির্ভর করবে।