ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

পাকিস্তানের ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল পৌনে ৯টায় ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে নবনির্মিত বাংলাদেশ চ্যান্সারী কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

এই বিশেষ অনুষ্ঠানে মিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশি কমিউনিটির সদস্যগণ এবং স্থানীয় পাকিস্তানি নাগরিকসহ চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। এরপর দূতালয়ের সম্মেলনকক্ষে পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেদিনের মহান জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। এরপর মিশনের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন একটি আলোচনায়। আলোচকরা ওই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সাহসী ভূমিকার স্মৃতিচারণ করে বৈষম্যবিহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য একত্রে কাজ করার আহ্বান জানান।

হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে বৈষম্যমুক্ত করে গড়ে তোলার তাগিদ দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করার গুরুত্ব প্রত্যেককে স্মরণ করিয়ে দেন।

আলোচনা শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। হাইকমিশনার উপস্থিত অতিথিদের সঙ্গে দূতালয়ে স্থাপিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং অনুষ্ঠানের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন।