গাজীপুরের কালীগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে এক তাৎপর্যময় ও ভাবগম্ভীর অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শপথ নেন বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ‘লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা প্রশাসন এই অনুষ্টানটি আয়োজন করে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুরু হয়। প্রয়াত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা জানানো হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ। তিনি দেশসেবা, সংবিধান রক্ষা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে শপথ বাক্য পাঠ করান। অংশগ্রহণকারী সকলেই এই শপথ গ্রহণের মাধ্যমে দেশের উন্নয়নে আত্মনিয়োগের অঙ্গীকার করেন।
ইউএনও তনিমা আফ্রাদ তাঁর বক্তব্যে বলেন, “জুলাই পুনর্জাগরণ কেবল একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের চেতনার প্রদীপ। শহীদদের আত্মত্যাগের মর্ম উপলব্ধি করে আমাদের নতুন প্রজন্মকে দেশভক্তিতে উদ্বুদ্ধ করতে হবে। আজকের এই সম্মিলিত শপথ হোক দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করার এক নতুন অঙ্গীকার। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সকলে মিলে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম উর্মি, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরাও অংশগ্রহণ করেন।
বক্তারা শহীদদের মহান আত্মত্যাগ স্মরণ করে বলেন যে, তাদের দেখানো পথ অনুসরণ করে জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপজেলা প্রশাসনের সফল আয়োজন এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। আয়োজকরা বিশ্বাস করেন, এই শপথ গ্রহণ অনুষ্ঠান কালীগঞ্জবাসীর মধ্যে দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ এবং নতুন উদ্দীপনা জাগিয়ে তুলবে।








