কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে নিজের ছাত্রকে দিয়ে খাতা দেখানোর অভিযোগে একটি ভিডিও ভাইরাল হওয়ায় সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা হলে শিক্ষা মন্ত্রণালয় তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় এবং অনুসন্ধানের পর শনিবার রাতে দুজনকে আটক করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায় ভাইরাল ভিডিওতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নিজে মূল্যায়ন না করে তার এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।
তদন্তে জানা গেছে অভিযুক্ত মো. বাচ্চু মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বর্তমানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভিডিওতে খাতা মূল্যায়ন করতে যাওয়া ছাত্র মেহেদী হাসান একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনা প্রকাশ্যে আসার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে এমন অনিয়মের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপরতা দেখিয়ে তদন্ত শুরু করে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে তদন্তর পরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপপরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. বাচ্চু মিয়া ও মেহেদী হাসানকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
বর্তমানে তদন্ত চলছে এবং ঘটনাটির সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রক্রিয়া এগোচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।








