কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। আজ ২৯ জুলাই ভোরে আহলে হাদিস মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ উদ্ধার করেছে। প্রাথমিক ধারণা তারা বিষপান করে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তাদের মেয়ে মিশু আক্তার (১৭)। মা-মেয়ে দীর্ঘ ১১ দিন ধরে কুমিল্লার রামপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়দের কথায়, অর্থনৈতিক সংকট, অভাব-অনটন এবং ঋণের চাপের কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তারা কুমিল্লার জিহান ফ্যাক্টরিতে কাজ করতেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এসব আর্থিক চাপে সহ্য করতে না পেরে মা-মেয়ে বিষপান করে নিজের জীবন শেষ করার পথ বেছে নিতে পারেন।
রামপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জহিরুল হক এবং মিজানুর রহমান বলেন, “মা ও মেয়েটি খুবই সাধারণ জীবনে কাটাতেন এবং জিহান ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। কী কারণে এমন দুঃখজনক ঘটনা ঘটল তা আমরা বুঝে উঠতে পারছি না।”
বুড়িচং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং মরদেহ দুটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে, তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
মা ও মেয়ের দেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন আসার জন্য পরিবার ও পুলিশ অপেক্ষায় রয়েছে।
প্রতিবেশীরা এই মর্মান্তিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না এবং এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন।








