কুষ্টিয়ার সদর উপজেলায় আইলচারা বাজার সংলগ্ন একটি তিনতলা বাড়ি থেকে পাঁচজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সেনাবাহিনী ও অন্যান্য যৌথ বাহিনীর অভিযানে এই সন্ত্রাসী চক্রের সদস্যরা আটক হয়েছেন, যারা দীর্ঘদিন ধরে এলাকায় গোলযোগ সৃষ্টি করছিলেন।
মঙ্গলবার (২৪ জুন) গভীর রাতে পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আটককৃতরা ওই বাড়িটিকে টর্চার সেল বা নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করত। তারা অপহৃতদের উপর নৃশংস নির্যাতন চালিয়ে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করত।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাগডাঙ্গা এলাকার ইমরান খান মানিক, বড় আইলচারা এলাকার রনি, মিরপুর থানার পোড়াদহ ইউপির দক্ষিণ কাটদহ গ্রামের সজীব এবং চিথলিয়া গ্রামের রাব্বি ও শাকিল। স্থানীয়রা জানান, মানিকের নেতৃত্বে এই গোষ্ঠী চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাস চালিয়ে এলাকা ব্যাপক অস্থির করে ফেলেছিল।
যৌথ অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অপহরণ সংক্রান্ত একাধিক মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি এই সন্ত্রাসী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।







