জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি
পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম
আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা
করেন।
সংবাদ সম্মেলনে ভিসি জানান, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী
ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ৬০ হাজার ৭০৬ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩ দশমিক ২৮ ভাগ পরীক্ষার্থী পঞ্চাশের ওপর নম্বর
পেয়েছে।
তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। এদের মধ্যে যারা
স্নাতকে ভর্তি হতে পারবেন না, তারা পাস কোর্স, কারিগরি এবং অন্যান্য শাখায় ভর্তি
হতে পারবেন।
উপাচার্য জানান, আগে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা ছাড়াই অনার্সে ভর্তি করা হতো, যে
কারণে অনেকেই বলত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই
বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে যায়। এখন থেকে আর কেউ বলতে পারবে না যে জাতীয়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।
দশ বছর পর এই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার,
বিভিন্ন বিভাগের ডিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা









