ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ্যুত্থান স্মরণ সভার প্রধান অতিথি হিসেবে থাকবেন খালেদা জিয়া

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির স্মরণে অনুষ্ঠিতব্য বিশেষ আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই আলোচনা সভা আজ বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হবে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী জানান, ‘‘গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।’’

অন্যদিকে, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিকাল তিনটায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে এবং সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে।

৩৬ দিনের কর্মসূচির প্রথম ধাপে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পেশাজীবীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করবেন। আলোচনার শিরোনাম ‘গণঅভ্যুত্থান-২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’। এছাড়া শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং আলোচনা সভার সভাপতিত্ব করবেন রুহুল কবির রিজভী। দলে সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং বিভিন্ন সময়ের সরকারবিরোধী আন্দোলনে নিহত ও নিখোঁজ বিএনপি নেতা কর্মীদের পরিবার ও আত্মীয়স্বজন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ করবেন। জাতীয় পর্যায়ের অন্যান্য নেতারাও বক্তব্য রাখবেন।

বিএনপি ইতিমধ্যে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, সেমিনার, রক্তদান কর্মসূচি, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্তত ২২টি বিভিন্ন ধরনের আয়োজন।

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘আলোর আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শীর্ষক মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুরুও ঘোষণা করা হয়েছে।