ঢাকা | রবিবার | ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জুলাই হত্যাকাণ্ডের বিচার ও অবাধ নির্বাচনের দাবি এম. জহির উদ্দিন স্বপনের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হামলা চালিয়ে আন্দোলনকারী এবং সাধারণ মানুষকে যারা হত্যা করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সেই সঙ্গে যারা হত্যাকারীদের রক্ষা করতে আগ্রহী, তাদেরকেও আমরা ছাড় দেবো না। বিচার বিভাগ যদি আমাদের কাছে রশি চায়, তবে আমরা বিচার বিভাগকে রশি সরবরাহ করব। কারণ জনগণ আন্দোলনে বলছে, রশি লাগবে, রশি নেবে, জুলাই হত্যাকারীদের ফাঁসি দিতে হবে।

মঙ্গলবার দুপুর ১২টায় বরিশালের গৌরনদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে ফ্যাসিবাদ মুক্তির এক বছর পূর্তির আনন্দ র‌্যালি ও পূর্বজনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সেখানে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মী ও জনগণ বহুবার স্লোগান দিয়ে সভাকে প্রাণবন্ত করে তোলে। জহির উদ্দিন স্বপন আরও জানান, ‘জাতিকে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি যে পথে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামত করা হচ্ছে। বর্তমানে জাতির মুক্তির জন্য একটাই পথ, পলাতক শেখ হাসিনা ও সকল খুনিদের দৃষ্টান্তমূলক বিচার এবং অবাধ নির্বাচনের নিশ্চয়তা।

আমরা বড় বড় কথা বলি, কিন্তু যদি দেখা যায় আমাদের দলের মধ্যে মাদক ব্যবসায়ী বা গডফাদার থাকে, তাহলে কি আমরা সেটা গ্রহণ করব? জনগণ এ প্রশ্নের জবাবে নিরব থাকেননি।

তিনি আরও বলেন, ‘গডফাদাররা যদি বাহিনী নিয়ে আক্রমণ করে, তবে আমরা যেমন ৫ আগস্ট গডফাদারের রানী শেখ হাসিনাকে মোকাবিলা করেছি, ঠিক তেমনি গৌরনদী ও আগৈলঝাড়ায় যেকোন গডফাদারের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলব, তা বিএনপি হোক বা আওয়ামী লীগ।’

গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীর জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইয়েদুল আলম খান সেন্টুসহ ফ্যাসিবাদ বিরোধী ১৭ বছরের আন্দোলন সংগ্রাম ও জুলাই বিপ্লবে নিহত শহীদের স্বজনবৃন্দ।

সমাবেশ ও র‌্যালিতে গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা মিছিলের মাধ্যমে অংশগ্রহণ করেন।