কক্সবাজারের টেকনাফ পৌরসভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সৈয়দ নূর (৫০) নামে এক ব্যক্তিকে তার বসতঘর থেকে আটক করেছে। অভিযানে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ান শুটার গান, একটি এলজি, এক রাউন্ড তাজা গুলি এবং একটি গুলির খালি খোঁসা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে, একটি অপরাধী চক্র সমুদ্রপথে মাদক আনা এবং টেকনাফসহ আশপাশের এলাকায় তা বিক্রি করছে। লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একাধিক টীম একযোগে টেকনাফ শহরের বিভিন্ন অংশে অভিযান চালায়।
রোববার দুপুরে স্থানীয়দের সহায়তায় টেকনাফ পৌরসভার খানকারপাড়া এলাকা ঘিরে ফেলে বিজিবি সদস্যরা সৈয়দ নূরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক সরবরাহকারী মো. হারুন অর রশিদ বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি মাদক প্যাকেট নূরের কাছে রাখতে বাধ্য হন এবং আরেকটি প্যাকেট নিয়ে পালিয়ে যান।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে নূরের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। আটক নূর টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবির এই অভিযান স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং মাদক নির্মূলের চেষ্টা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।








