ঢাকা | শুক্রবার | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য জামায়াত নেতাকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংক্রান্ত এক বিতর্কিত ও বেফাঁস মন্তব্যের জেরে বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামীম আহসানকে সংগঠনের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে সদস্য বা রুকন পদ থেকেও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের বরগুনা জেলা আমীর মাওলানা মহিবুল্লাহ হারুন এই সিদ্ধান্তের কথা জানান।

সূত্রে জানানো হয়, ২৫ জানুয়ারি পাথরঘাটা উপজেলায় এক জনসভায় বক্তব্যের সময় শামীম আহসান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তাঁর এই বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের মধ্যে ক্ষোভের ঝড় ওঠে। জামায়াত মনে করে, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দলের নীতিমালা ও আদর্শের পরিপন্থী, যা জনমনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে সংগঠনের ঐকমত্যে তাকে সহকারী সেক্রেটারিসহ সব ধরনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করে বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সবার হৃদয়ের স্পন্দন। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই প্রতিষ্ঠানের সম্পর্কে এ ধরনের অপপ্রচার ও অসৌন্দর্য্য কখনোই কাম্য নয়। শামীম আহসানের বক্তব্যে দল বিব্রত ও আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে কোনো নেতা বা কর্মী এমন আচরণের পুনরাবৃত্তি না করেন, সেজন্য কঠোর সতর্কতা এবং এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।