ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত হলো দ্বিতীয় জাতীয় সামাজিক ব্যবসা কেস প্রতিযোগিতা ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল। ১৫তম সামাজিক ব্যবসা দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার, সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম এবং ইউনূস সেন্টার।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ব্যবসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ভাবনী, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয়ের ১৬৬টি দল, মোট ৬৫৪ জন প্রতিযোগী তাদের দক্ষতা ও সৃজনশীলতা প্রমাণ করে।
প্রতিযোগিতার ফলাফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সিলকোনোমিস্টস’ দল চ্যাম্পিয়ন হিসেবে গৌরব অর্জন করে। প্রথম রানারআপ হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘সুশি’ দল এবং দ্বিতীয় রানারআপ হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘নো সারপ্রাইজেস’ দল।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান প্রধান অতিথির আসনে উপস্থিত থেকে প্রতিযোগীদের এই সাফল্য নিয়ে শুভেচ্ছা জানিয়ে বলেন, সামাজিক ব্যবসা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের ওয়াইএসবিসির রিলেশন ম্যানেজার জিনাত টি. ইসলাম, তুরস্কের ইস্তানবুল কৈতুর ইউনিভার্সিটির লাইব্রেরি ও ডকুমেন্টেশন বিভাগের উপ-প্রধান সেরেফি সেনেম গুনিসু, এবং গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম উদ্দিন।
এছাড়া, সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক মো. কামরুজ্জামান দিদার, উপদেষ্টা ড. খাদিজা রহমান তানচি এবং সহ-আহ্বায়ক সৈয়দ রায়হান-উল-ইসলাম বক্তব্যে তাদের অভিজ্ঞতা ও প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এই আয়োজন দেশের তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক ব্যবসায় নতুন চিন্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।







