বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান শনিবার রাজশাহীর মোহন পার্কে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল এবং এই দল জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ ১৭ বছরে আওয়ামী লীগ দুইবার বাকশাল কায়েম করেছিল, যা স্বৈরাচার মূলক একটি ব্যবস্থা ছিল। বিএনপি সততা, আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদনমুখী রাজনীতিতে গভীরভাবে বিশ্বাসী।
ড. মঈন খান আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও অত্যাচারের পরও বিএনপি কখনো হাল ছেড়ে দেয়নি। হাজার হাজার নেতা-কর্মী বিভিন্ন মামলা মোকাবিলা করে দলের প্রতি আনুগত্য অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিএনপির নেতৃত্বে তরুণ প্রজন্মের অহংকার তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দিয়েছেন। এর ফলে জুলাই ও আগস্টের আন্দোলনে ছাত্র ও সাধারণ জনগণ একযোগে মাঠে নেমে স্বৈরাচার বিদায় দিয়েছে।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল দেখেছি, তবে আওয়ামী লীগ পথভ্রষ্ট একটি দল, যার নেতারা দেশের বাইরেই পালিয়ে গেছেন। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি যাতে আর কোনো দলের সঙ্গেই না ঘটে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকার জনগণের ভোট ও আস্থা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কিন্তু সংস্কার ও বিচার একটি চলমান প্রক্রিয়া যা একদিনেই শেষ হওয়া সম্ভব নয়। তিনি বিগত স্বৈরাচারী সরকারের ‘উন্নয়ন আগে, গণতন্ত্র পরে’ বলাকে ভুয়া দাবি হিসেবে অভিহিত করে বলেন, ‘আজকের সরকারও একই কথা বললে আমরা তা মেনে নিবো না।’
ড. মঈন খান বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে আইনের শাসনে আর মানুষের গণতান্ত্রিক শক্তিতে।
তিনি আরও বলেন, আমাদের রাজনীতি মানুষের সেবার জন্য, ব্যবসার জন্য নয়, তাই আমরা বিএনপি হিসেবে কখনো আওয়ামী লীগের মতো কদাচিৎ ও পথভ্রষ্ট আচরণ করব না। তিনি তরুণ নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেন দেশের মানুষের সেবা করার জন্য এবং মানুষের এই সেবার মূল্যায়ন দেয়া হবে।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত প্রধান বক্তা ছিলেন। অনুষ্ঠানে আরও ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ এবং অন্যান্য নেতা-কর্মীরা। মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক ও মহিলা দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তৃতার মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয় এবং নেতাকর্মীদের অংশগ্রহণে দলের ভবিষ্যত শক্তিশালী করার সংকল্প ব্যক্ত করা হয়।







