তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। চার দিন আগে টেলিকমক্ষেত্রের বিভিন্ন অংশের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, এর মাধ্যমে আরও কার্যকরভাবে মোবাইল ডিভাইসের বৈধতা নিশ্চিত ও অবৈধ সংযোগ বন্ধ করার লক্ষ্যে এই সংশোধনী আনা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার, সিটিজেন প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক জাহিদ হোসেন, প্রথম আলোর হেড অফ অনলাইন শওকত হোসেন মাসুমসহ আরও অনেকে।
প্রসঙ্গত, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) হচ্ছে বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেটের অবৈধ ব্যবহার রোধ, রাজস্ব বৃদ্ধি এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা একটি বিটিআরসি পরিচালিত সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে গ্রাহকের এনআইডি ও সিমের সঙ্গে সংযুক্ত হয় হ্যান্ডসেটের ১৫ সংখ্যার আইএমইআই নম্বর, যা বৈধতা যাচাই করতে সাহায্য করে। অবৈধ বা কর ফাঁকি দেওয়া ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক করা হয়, ফলে দেশের মোবাইল ব্যবহারে সুস্থতা ও নিরাপত্তা বাড়ে।








