ঢাকা | সোমবার | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তফসিল ঘোষণার আগে পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ মিলবে সকল যোগ্য নাগরিকের

উপদেষ্টা পরিষদ ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছেন। এ অধ্যাদেশ চালু হলে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেকোনো যোগ্য নাগরিক, বিশেষ করে যারা ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। এর পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

বর্তমানে প্রতি বছর ডিসেম্বরের মধ্যে যারা ১৮ বছর বয়সে পৌঁছে, তারা পরবর্তী বছরের জানুয়ারিতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যেসমস্ত ব্যক্তি ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তারা ওই নির্বাচনের জন্য ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হতে পারবেন। এভাবে, পূর্বের নিয়মে যারা নির্বাচনের আগে বয়স পূর্ণ করে ভোটার হওয়ার সুযোগ হারাতেন, তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হবে।

ফয়েজ আহম্মদ বলেন, ‘আগে যে নিয়ম ছিল, তাতে অনেক ভোটার নির্বাচনের সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকতেন না। এখন আমাদের লক্ষ্য, নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত এক মাস আগ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়, তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে।’

এছাড়াও, উপদেষ্টা পরিষদ ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া অনুমোদন দিয়েছেন, যা অঙ্গ দানের ক্ষেত্রে দাতার পরিধি বাড়াবে। এর ফলে কিডনি প্রতিস্থাপনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা আরও সহজ হবে এবং আন্তর্জাতিক আইন মেনে মৃত্যুর পর অঙ্গ সংগ্রহ ও প্রতিস্থাপনের বিষয়গুলো নির্দিষ্ট করা হবে।

তার পাশাপাশি, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিংয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদে গৃহীত হয়েছে।

এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি পুরো ঘটনা বিশ্লেষণ করবে এবং সহিংসতার কারণ ও দায়ীদের নির্ধারণ করবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।