গত আট বছর যাবৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব পালন করেছেন যেসব চিকিৎসক, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ড্যাবের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অধ্যাপক ডা. এ. টি. এম. ফরিদ উদ্দিনসহ চিকিৎসকদের একটি দল বিগত আট বছর ধরে আমার মাকে, সারা দেশের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্তরিকভাবে চিকিৎসা দিয়ে আসছেন। সন্তানের মতো পাশে থাকতে না পারার বেদনা থাকলেও আমরা অন্তরের অন্তর থেকে তাদের প্রতি কৃতজ্ঞ।”
কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এই সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান।
তারেক রহমান আরও বলেন, “চিকিৎসকরা সন্তানের পাশাপাশি অনেক সময় সন্তানের থেকেও বেশি দায়িত্ব পালন করেছেন। এজন্য পুরো চিকিৎসক সমাজের প্রতি আমরা অসীম কৃতজ্ঞ।”
তিনি রাজনৈতিক নিপীড়নে আক্রান্ত ব্যক্তি, সাধারণ মানুষসহ বিএনপি ও অন্যান্য দলের আহত ও রোগীদের চিকিৎসায় অবদান রাখায় ড্যাব সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। “বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যারা আহত হয়েছেন, ড্যাব সদস্যরা তাদের সেবা দিয়ে আসছেন, এজন্য চিকিৎসা প্রাপ্ত সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।”
বিএনপির ৩১ দফার বাস্তবায়নে চিকিৎসক সমাজসহ সকলের সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বাস্থ্য খাতের উন্নয়ন শুধুমাত্র আমাদের নেতারা করতে পারবেন না, আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”
তারেক রহমান আশা প্রকাশ করেন, নতুন বাংলাদেশের স্বপ্ন ও গত ১৫ বছরে যারা জীবন দিয়েছেন ও যারা আহত হয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে সবাই মিলে অবদান রাখতে হবে। “একসাথে কাজ করেলেই আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের আশা পূরণ ও একটি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।”









