ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজার বিকাশে কমিটি গঠনের সিদ্ধান্ত

পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের সম্ভাবনা অনুসন্ধান এবং একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তুলে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোর লক্ষ্যে শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করবে সরকার।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কর্মকর্তাদের মধ্যকার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এর সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

এই কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির প্রতিনিধিরা। বৈঠকের আলোচনায় পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে ব্যবহার এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এর অবদান বাড়ানোর দিকগুলো গুরুত্ব দিয়ে আলোচনা হয়।

বিশেষ করে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে ঝুঁকি হ্রাস এবং দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের সুযোগ সঠিকভাবে কাজে লাগানোর পথ খুঁজে বের করার গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও, দেশে একটি শক্তিশালী ও জনপ্রিয় বন্ড মার্কেট প্রতিষ্ঠার মাধ্যমে বাজারের তারল্য বৃদ্ধি করার উপরেও গুরুত্ব আরোপ করা হয়।

বৈঠকে দীর্ঘমেয়াদি মূলধন কিভাবে ও কোন প্রক্রিয়ায় পুঁজিবাজার থেকে সরবরাহ করা যেতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। শেষ পর্যায়ে, এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি কার্যকর যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, গভর্নরের উপদেষ্টা মো. আহসান উল্লাহ, বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখ সহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।