দীর্ঘমেয়াদি অর্থায়নে পুঁজিবাজারকে শক্তিশালী করার লক্ষ্যে, আরও প্রাণবন্ত একটি বন্ড মার্কেট গড়ে তুলতে এবং ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে সরকার শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করবে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
কমিটিতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বৈঠকে পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দুর্বলতা দূর করে দেশের সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার উপায় আলোচনা করা হয়।
অধিকাংশ সময় ব্যাংক ঋণের ওপর নির্ভরতা ও এর ঝুঁকি কমিয়ে, পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের সুযোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় কীভাবে এবং কোন প্রক্রিয়ায় পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সরবরাহ করা যাবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও দেশের বন্ড মার্কেটকে আরও গতিশীল ও তারল্য বৃদ্ধি করাসহ এই বাজারকে শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা চলে।
সবশেষে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য একটি যৌথ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, গভর্নরের উপদেষ্টা মো. আহসান উল্লাহ, বিএসইসি চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







