পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের পথ খুঁজে বের করা, একটি শক্তিশালী ও প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলা এবং ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোকে কেন্দ্র করে শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করতে যাচ্ছে সরকার।
গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) যৌথ বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
কমিটিতে থাকবে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির প্রতিনিধিরা। বৈঠকে দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্ব তুলে ধরে পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে।
অতিরিক্ত ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে ঝুঁকি কমানো এবং দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের নতুন সুযোগ সৃষ্টি করা হবে। এ প্রসঙ্গে পুঁজিবাজার থেকে কীভাবে দীর্ঘমেয়াদি অর্থায়ন সরবরাহ করা যেতে পারে এবং একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার পথও খতিয়ে দেখা হয়েছে।
বৈঠকে দীর্ঘমেয়াদি মূলধন সরবরাহের প্রক্রিয়া ও বন্ড মার্কেটের তারল্য বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসব আলোচনার পর করণীয় নির্ধারণের জন্য যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, গভর্নরের উপদেষ্টা মো. আহসান উল্লাহ, বিএসইসির চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।







