কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৬৩৫০ জন কৃষক ও শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বীজ, সার এবং ফলের চারা বিতরণের একটি নতুন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের চত্তরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে আমন (উফশী আমন) ধান, গ্রীষ্মকালীন পেঁয়াজ, নারিকেল, তাল, আম, নিম, বেল, জাম ও কাঁঠালসহ নানা ধরনের গাছপালা এবং শাকসবজি ও হাইব্রিড জাতের মরিচের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও ফলের চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার মো. নুরুল ইসলাম জানান, এবারে মোট ২৭০০ জন প্রান্তিক কৃষককে সার ও ধানের বীজ দেওয়া হবে। এছাড়াও ৮০০ জন কৃষককে গ্রীষ্মকালীন সার ও পেঁয়াজের বীজ, ১০০ জনকে শাকসবজীর বীজ, ১০০ জনকে মরিচের চারা, এবং ৩০০ জন কৃষকের মাঝে তালের চারা বিতরণ করা হবে। বিশেষ করে ১৭৫০ জন শিক্ষার্থীদের মধ্যে আম, নিম, বেল, জাম ও কাঁঠালের চারা প্রদান করা হবে, যা কৃষি শিক্ষায় বাড়াবে তাদের উৎসাহ এবং পরিবেশ রক্ষায় সহায়ক হবে।
উপজেলা কৃষি অফিসার মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, উপসহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এই উদ্যোগের মাধ্যমে দৌলতপুরের প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী ও সমৃদ্ধ করতে সরকারি সহায়তা আরও সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে।







