ঢাকা | মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের প্রশাসনিক অনুমোদন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের জন্য ‘সমন্বিত সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে। এই আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো মাস্টার প্ল্যান ও একাডেমিক মাস্টার প্ল্যান প্রস্তুত করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রাক্কলিত বাজেট হিসেবে চার কোটি ৭৫ লাখ টাকা জিওবি (সরকারি অর্থায়ন) হিসেবে বরাদ্দ পেয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিকল্পনা-৫ শাখার যুগ্ম সচিব আহমেদ শিবলী বুধবার (৬ আগস্ট) বিকেলে প্রকল্পের প্রশাসনিক আদেশে স্বাক্ষর করেন। প্রকল্পটির অনুমোদিত বাস্তবায়ন মেয়াদকাল ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এছাড়া, শিক্ষা উপদেষ্টা কর্তৃক ৩১ আগস্ট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বৃহস্পতিবার সকালে এ বিষয় নিশ্চিত করেন। তিনি জানান, এটি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় একটি নতুন ধাপ এমন যা ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এর আগে, ২৮ জুলাই (সোমবার) শিক্ষা মন্ত্রণালয় নওগাঁ সদর উপজেলার শালুকা, চকরামপুর ও পাথুরিয়া মৌজায় ক্যাম্পাস স্থাপনের জন্য ৯৬.৮১ একর জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমতি প্রদান করেছিল।

উপাচার্যের কথায়, ‘‘নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য যেসব এলাকাসমূহে জমি অধিগ্রহণ প্রস্তাব করা হয়েছিল, সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা লক্ষ্য করছি নওগাঁ বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে। বহু প্রতিবন্ধকতা ও চেষ্টার পরেও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়নি, যা আমাদের অপ্রতিরোধ্য অঙ্গীকারের পরিচায়ক। আমি ব্যক্তিগতভাবে এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সফল করার জন্য সবটুকু দিয়ে কাজ করছি এবং এটিকে আমার জীবনের বৃহত্তম দায়বদ্ধতা ও ইবাদত মনে করি।’’

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে নওগাঁয়ে বিশ্ববিদ্যালয় স্থাপনের একটি আইনের খসড়া অনুমোদন দেয়া হয়। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ’ বিল পাস হয়। এরপর চলতি বছরের ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নাম ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ নামে পরিবর্তন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে শহরের নওগাঁ মডেল টাউন এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে প্রশাসনিক কার্যক্রম চলছিল।