ঢাকা | রবিবার | ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নয়াদিল্লিতে বিমস্টেক বৈঠকে অংশ নেবে বাংলাদেশ, ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও অংশগ্রহণ নিশ্চিত

বাংলাদেশ ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আগামী ১৬ জুলাই নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ‘বিমস্টেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেবে। বিষয়টি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ঘটানো ঘটনার পর ভারতের দেয়া ব্যাখ্যার প্রতি বাংলাদেশ সন্তোষ জানাননি এবং তা প্রত্যাখ্যান করেছে। তবুও কূটনৈতিক বাধ্যবাধকতা ও দায়িত্ব পালনের অংশ হিসেবে বৈঠকটিতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ বিমস্টেকের সভাপতি হওয়ায় সম্মেলনে অংশগ্রহণ করা দেশের দায় ও কর্তব্যের মধ্যে পড়ে। এ কারণে সার্বিক কূটনৈতিক প্রসঙ্গে অংশগ্রহণ বজায় রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। তার আগমনের বিষয়টি কূটনৈতিক মাধ্যমে ইতোমধ্যেই ভারত সরকারকে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, শামসুল ইসলামের সফরকালে আয়োজক দেশ ভারতের কূটনৈতিক শিষ্টাচার ও আন্তর্জাতিক রাষ্ট্রাচার যথাযথভাবে পালন করছে কি না তা বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। পাশাপাশি প্রতিনিধি দলের সুষ্ঠু নিরাপত্তা ও কূটনৈতিক সুবিধা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য প্রদানের অনুরোধ ভারতকে জানানো হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, ভারতের আচরণ ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্কের উচ্চপর্যায়ের সফর ও অন্যান্য আনুষ্ঠানিক যোগাযোগে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই এই দিকগুলোও পরখ করে দেখা হবে বলে তারা জানিয়েছেন।