ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

নানা আঁকশের মাধ্যমে মাগুরায় পালিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস

মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দোয়া হয়।

মাগুরা সদর উপজেলার বরুনাতৈল গ্রামে শহীদ ছাত্রনেতা মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত করা হয় এবং সেখানে অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে বিশেষ অতিথি জেলা প্রশাসক মোঃ ওহিদুল ইসলাম বক্তব্য রাখেন। পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ রাব্বির পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বরুনাতৈল এলাকার শত শত মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।

পরবর্তীতে জেলা অডিটোরিয়ামের সামনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিষয়ক দেয়ালিকা উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর জেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে শহীদদের স্বজনরা তাঁদের বেদনা, ত্যাগ ও আবেগঘন স্মৃতি তুলে ধরেন। তারা দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণা এবং শহীদদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

মাগুরায় এই কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মৃতিকে চিরজীবী করে রাখার এবং তাদের ত্যাগের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে এক নজিরবিহীন উদাহরণ স্থাপন করা হয়েছে।