শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে নারী গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গৃহকর্মীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সঙ্গে তিনটি কনভেনশনে স্বাক্ষরের কাজ চলছে, যা বাস্তবায়িত হলে শ্রমিক নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুযোগ মিলবে। সফিকুজ্জামান আরও বলেন, গৃহকর্মী নির্যাতন রোধে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। সম্মেলনে গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ, কাঙ্ক্ষিত কর্মঘণ্টা ও ছুটির আইনি স্বীকৃতি, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা, সামাজিক সুরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তি এবং বিশেষ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। শ্রম সচিব এ দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ হিসেবে প্রেরণের আশ্বাস দেন এবং দেশের যেকোনো গৃহকর্মী নির্যাতনের শিকার হলে ৯৯৯, ১৬৩৫৭ অথবা ১০৯২১ নম্বরে জরুরি সেবার জন্য যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন। তিনি আরও জানান, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ এর বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সম্মেলন শুরুর আগে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা এবং জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। এছাড়া আলোচনায় অংশ নেন বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক, অক্সফাম বাংলাদেশের প্রতিনিধি তারেক আজিজ, বিশ্বব্যাংকের পরামর্শক এবিএম খোরশেদ আলম সহ অন্যান্য প্রতিনিধিরা। অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, গৃহকর্মী এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।








