ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নাশকতার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল গ্রেপ্তার

নেত্রকোণায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও নাশকতার মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নেত্রকোণা জেলা শহরের উত্তর সাতপাই এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

নেত্রকোণা সদর মডেল থানার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তবে বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তিনি তা অমান্য করে অবাধে রাজনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে অনুষ্ঠিত আওয়ামী লীগের মিছিলে তিনি পরোক্ষভাবে জড়িত ছিলেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) চম্পক দাম জানান, রাজনীতির অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও নাশকতার ঘটনায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি মামলা হয়েছিল। সে মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যতে তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করার পরিকল্পনাও রয়েছে। পুলিশ বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশা প্রকাশ করেছে।