উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর অনেকে নিখোঁজ রয়েছেন, যাদের নাম সরকারি আহত বা নিহতের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সেই সকল নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে তাদের ডিএনএ নমুনা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় তরফ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান এক বিবৃতিতে জানিয়েছেন যে, এখন পর্যন্ত নিখোঁজদের মধ্যে মাত্র একটি পরিবারের পক্ষ থেকে ডিএনএ নমুনা পাওয়া গেছে। নিখোঁজ প্রতিটি পরিবারের সহযোগিতায় ডিএনএ নমুনা সংগ্রহ করলে দ্রুত সময়ে ডিএনএ মিলিয়ে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সিএমএইচ মর্গে রাখা ছয়টি মরদেহ এখনও শনাক্ত হয়নি। এসব মরদেহ থেকে ইতোমধ্যে মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণ করা হবে। এ পদক্ষেপের মাধ্যমে দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি আশা করা যাচ্ছে।








