ঢাকা | শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নেত্রকোণা জেলা প্রশাসনের অর্থনৈতিক সহায়তায় চার মেধাবী শিক্ষার্থী

নেত্রকোণা জেলার চার মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক প্রতিবন্ধকতা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন। নিজেদের কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তারা প্রমাণ করেছেন যে অর্থনৈতিক সংকট তাদের স্বপ্নকে বাধাগ্রস্ত করতে পারেনি।

রোববার (২২ জুন) নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে অর্থনৈতিক সংকটে থাকা এই চার শিক্ষার্থীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবছরের মতো অর্থ সাহায্য প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাসের নির্দেশনায় প্রত্যেক শিক্ষার্থীকে ২০,০০০ টাকা করে মোট ৮০,০০০ টাকার শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

অর্থনৈতিক সহায়তা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে মো: সাজ্জাদ আলী ইংরেজি বিভাগে, মানব তালুকদার অর্থনীতি বিভাগে, রেশমা আক্তার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এবং বন্যা রানী সরকার বাংলা বিভাগে ভর্তি হয়েছেন।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, “চারজন শিক্ষার্থী আমাদের কাছে ভর্তি সহায়তার জন্য আবেদন করেছিলেন। সংশ্লিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তথ্য যাচাই-বাছাই করার পর তাদের আর্থিক অস্বচ্ছলতা নিশ্চিত হলে আমরা এই সহায়তা প্রদান করেছি।”

তিনি আরও জানান, ভবিষ্যতে আর্থিক সমস্যা বা সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষা বাধাগ্রস্ত হলে জেলা প্রশাসন তার পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে। নেত্রকোণা জেলা প্রশাসনের এই উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে নতুন প্রেরণা যোগাবে।