পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গতকাল জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামাবাদের ডিপ্লোমেটিক এনক্লেভে নবনির্মিত বাংলাদেশ চ্যান্সেরি কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান মিশনের কর্মকর্তা ও অন্যান্য উপস্থিত অতিথিদের সঙ্গে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশি কমিউনিটি সদস্য এবং স্থানীয় পাকিস্তানি নাগরিকসহ প্রায় চার শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। এরপর দূতালয়ের সম্মেলনকক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই বিশেষ দিন উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থানকে উদ্ভাসিত করা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিশনের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচকরা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র ও জনতার সাহসী ভূমিকার স্মরণ করেন এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।
হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যমুক্ত করার লক্ষ্যে সকলে একযোগে কাজ করার প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্ব আরোপ করেন এবং গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করার দিকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র ও জনতার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। শেষপর্যায়ে হাইকমিশনার অতিথিদের সঙ্গে একত্রে দূতালয়ে স্থাপিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন, যেখানে বাংলাদেশ ও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে।








