ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন সুযোগ নিয়ে যৌথ কমিটি গঠন করবে সরকার

পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন পথ উন্মোচন এবং একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তোলার লক্ষ্যে শীঘ্রই একটি যৌথ কমিটি গঠন করবে সরকার। এই উদ্যোগ ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে নেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

কমিটিতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির প্রতিনিধিরা থাকবেন। বৈঠকে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগানোর গুরুত্ব বিশেষভাবে আলোচনা করা হয়। ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা ও সেখান থেকে সৃষ্ট ঝুঁকি কমিয়ে দেশীয় অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের বিভিন্ন সুযোগ নিয়ে মতবিনিময় হয়।

এ সময় বন্ড মার্কেটের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি দেশের আর্থিক বাজারে তারল্যের মাত্রাও বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে। যে প্রক্রিয়ায় এবং কীভাবে দীর্ঘমেয়াদি মূলধন পুঁজিবাজার থেকে সরবরাহ করা যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সবশেষে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের জন্য একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, গভর্নরের উপদেষ্টা মো. আহসান উল্লাহ, বিএসইসি চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফারজানা লালারুখসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে সরকারের লক্ষ্য পুঁজিবাজারকে শক্তিশালী করে দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন মাইলফলক স্থাপন করা।