লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা, সম্প্রতি বলেছেন যে প্রকল্প পরিচালক নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে করা হবে। তিনি উল্লেখ করেছেন, অনেক কর্মকর্তা নানা উপায়ে তদবির করেন যা নৈতিকতা বিরোধী, এবং যে কোনো ধরনের তদবিরকে অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
বুধবার (০২ জুলাই) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রকল্প মূল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াঁ সভাপতিত্ব করেন।
উপদেষ্টা আরও বলেন, টপ সয়েল রক্ষা করা, সারের ব্যবহার কমানো, কৃষি জমি নষ্ট করে স্থাপনা নির্মাণ না করা, এবং প্রকল্পের কেনাকাটায় কোনও ধরনের দুর্নীতি না করার উপর প্রকল্প পরিচালকদের গুরুত্বপূর্ন নির্দেশনা দেন।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, বাজার পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল আমদানি ও অভ্যন্তরীণ উৎপাদন যথেষ্ট হলেও বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে। সরকার এ সমস্যা নিয়ন্ত্রণে কাজ করছে এবং এতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত জরুরি।
দুর্নীতি প্রতিরোধে সরকারের দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে পুরোপুরি কঠোর হতে না পারলেও কাউকেই ছাড় দেওয়া হবে না।
কৃষিভিত্তিক প্রকল্প সম্পর্কে উপদেষ্টা জানান, জুন মাসে যেসব প্রকল্প শেষ হয়েছে, এগুলোর মাধ্যমে কৃষকরা কতটা উপকৃত হবেন তা মূল্যায়ন করা হয়েছে। সেই সঙ্গে বৃষ্টির পানি সংরক্ষণ, খাল খনন, পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো ভিত্তিক সংরক্ষণাগার নির্মাণ, মৌসুমি সবজি সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ এবং বীজ আলু সংরক্ষণের জন্য পৃথক কোল্ড স্টোরেজ নির্মাণে কাজ চলমান রয়েছে। এগুলো কৃষিক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।








