ঢাকা | মঙ্গলবার | ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ সদস্যের প্রতিনিধিদল চীন সফরে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২ জুন) বেলা ২টায় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীন সফরে রওনা হয়েছেন। তারা চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যা ৮ জুন পর্যন্ত চলবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এই প্রশিক্ষণ চীন সরকার ও ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এবং এতে সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তাদের জন্য বিশেষ পাঠ্যসূচি থাকবে। তিনি বললেন, প্রশিক্ষণ দুদেশের পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিনিধি দলে রয়েছেন: এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া; প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন; প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী; একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম; পরিচালক মনিরুল ইসলাম পাটোয়ারি; আনোয়ার উল হালিম; মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার; মো. মাহবুবুর রহমান; প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন; প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-২ এসএম পারভেজ; প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি; প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহর একান্ত সচিব তারিখ হাসান। তালিকায় আরও রয়েছেন জুলিয়া মঈন, জেসমিন আক্তার ও মোহাম্মদ জাব্বার।

প্রতিনিধিদল চীনে যাওয়ার আগে সোমবার (১ জুন) ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক সময়ের উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করেছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান দেশে ফিরে কাজে লাগাতে পারবেন।