ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিক্সা চালকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন আজ মঙ্গলবার নগরভবন অডিটোরিয়ামে করা হয়েছে। এই উদ্বোধন করেন মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া।
ডিএসসিসির পরিবহন বিভাগ পরিচালনায় প্রথম পর্যায়ে ২২ থেকে ৩১ জুলাই পর্যন্ত পাঁচটি আঞ্চলিক কার্যালয় এবং সংশ্লিষ্ট কমিউনিটি সেন্টারে ই-রিক্সা চালকদের প্রশিক্ষণ প্রদানের কাজ শুরু হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য মোট ১৫০ জন প্রশিক্ষক নিয়োগ করা হয়েছে, যারা অক্টোবর মাস পর্যন্ত বিভিন্ন ধাপে প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করবেন। প্রথম পর্যায়ে মোট ৪৫০০ জন রিক্সা চালক এই প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণরত চালকদের জন্য সম্মানী সহ খাবারের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “অনিয়ন্ত্রিত এবং নিরাপত্তাহীন ব্যাটারিচালিত রিক্সার কারণে নগরজীবন মারাত্মক যানজটে আটকে পড়েছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সরকার এই সংকট মোকাবিলায় ই-রিক্সার নিয়ন্ত্রিত চলাচলের উদ্যোগ নিয়েছে, যা শুধুমাত্র যানজট কমাবে না বরং দুর্ঘটনা থেকে নগরবাসীকে সুরক্ষা দেবে।”
তিনি আরও যোগ করেন, “মাত্র ৫০ টাকার বিনিময়ে এই প্রশিক্ষণ গ্রহণকারী রিক্সা চালকরা ড্রাইভিং লাইসেন্স লাভ করবেন। এর মাধ্যমে ই-রিক্সা খাতকে শৃঙ্খলা এবং নিরাপত্তার আওতায় আনা হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, মহা-ব্যবস্থাপক (পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগ নগরবাসীর জীবনযাত্রার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।








