রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, এই করুণ দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
উপদেষ্টা আরও বলেন, “আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এই দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।”
তিনি বিশ্বাস ব্যক্ত করেন যে, এই ট্রাজেডি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করতে হবে যাতে এমন দুর্ঘটনা আর ঘটতে না পারে।







