ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ফারুকী আপাতত আশঙ্কামুক্ত, সবাই তার জন্য দোয়া করবেন: তিশা

কক্সবাজার সরকারি সফরের সময় অসুস্থ হয়ে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়া সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার রাত দেড়টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে তিশা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি কর্মশালায় অংশ নেওয়ার সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয় এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণে তার এই অসুস্থতা হয়েছে। তবে এখন তিনি আশঙ্কামুক্ত। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’’

গত ১৫ আগস্ট বিকেলে চার দিনের সরকারি সফরে কক্সবাজার আসেন মোস্তফা সরোয়ার ফারুকী। তবে ১৬ আগস্ট রাতেই অসুস্থ বোধ করায় তার সফর বাতিল করে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় আনা হয়।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, ‘‘কক্সবাজারে সংস্কৃতি হাব সংক্রান্ত ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের মতো কিছু কার্যক্রমে তার অংশগ্রহণের কথা ছিল। তবে বর্তমানে বাকি কর্মসূচিগুলো বাতিল করা হয়েছে।’’

অপর দিকে, সিভিল সার্জনের নেতৃত্বে স্থানীয় চিকিৎসকরা কক্সবাজারে তার প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। বর্তমানে ঢাকায় হাসপাতালে চিকিৎসা চলছে। আশা করা হচ্ছে, দ্রুত সুস্থ হয়ে তিনি তার দায়িত্বে ফিরে আসবেন। এই সময়ে তার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন তার পরিবার ও ঘনিষ্টজনরা।