ঢাকা | বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ফের পেছাল জাকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা

ফের পিছিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)

নির্বাচন। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো পেছাল নির্বাচনের তারিখ। সেইসঙ্গে  ১১

সেপ্টেম্বর নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ হিসাবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা ১০ ঘণ্টার

জাকসু নির্বাচন সংক্রান্ত পরিবেশ পরিষদের মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও

কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এসব জানান।

এ সময় শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে জাকসু নির্বাচন ও বিচারকার্য

সম্পন্ন করার নতুন রোডম্যাপ ঘোষণা করেন উপাচার্য। 

নতুন রোডম্যাপ অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক

বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত করা হবে, একই দিনে জাকসুর তফসিল ঘোষিত হবে। এ

ছাড়া, ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং আগামী ১১

সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান উপাচার্য।

আরও পড়ুন: জাকসুর তফসিল: নিরাপত্তা জোরদারে জাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

এদিকে, নতুন করে তারিখ ঘোষণায় অকার্যকর হয়েছে আগের নির্বাচন কমিশন। এখন নতুন

নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর

বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন

বার বার জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচার আর জাকসু নির্বাচন মুখোমুখি করার

চেষ্টা করেছে। এর আগেও একই ইস্যুতে কয়েক দফা জাকসু নির্বাচন পেছানো হয়েছে, আবারও

পেছাল।’

তিনি আরও বলেন, ‘শেষবারের মতো গণঅভ্যুত্থান পরবর্তী এই প্রশাসনের উপর আমরা আস্থা

রাখতে চাই। আমরা মনে করি, এই প্রশাসন বিগত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট প্রশাসনের

মতো শিক্ষার্থীদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না।’

এর আগে গত ২১ মে এবং ৩১ জুলাই জাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও টানা

দ্বিতীয়বারের মতো তারিখ পরিবর্তন করা হলো।

বার বার উদ্দেশ্যমূলকভাবে জাকসু নির্বাচন পেছানোর জন্য প্রশাসনকে দায়ী করেছেন

শিক্ষার্থীরা। এ ছাড়াও বিচার কাজ শেষ না করার জন্যও প্রশাসনকে দায়ী করেন তারা।