ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের লাঠিচার্জে ২০ জন আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি মডেলের স্বাধীন কমিশন গঠনের একক দাবিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বুধবার সকাল ১০টা থেকে বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করেন। চার ঘণ্টারও বেশি সময় তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে প্রতিবাদ জানান। এর ফলে উভয় দিকের যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ দুই মাস ধরে তারা স্বতন্ত্র কমিশন গঠনের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন পরিচালনা করছেন। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপের অভাবে বাধ্য হয়ে সড়ক অবরোধের মত সিদ্ধান্ত নিতে হয়েছে।

একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করলে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, পুলিশের লাঠিচাপাতে তাদের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পরে শিক্ষার্থীরা সড়ক থেকে সরেই কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান।

শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন ও সড়ক কিংবা ক্যাম্পাস ছাড়বেন না।

ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে বন্দর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। কিন্তু শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

বরিশাল সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হচ্ছে এবং তাদের প্রতিনিধিদের জেলা ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠকে বসানোর আশ্বাস দেওয়া হয়েছে।

পরে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ লিটন রাব্বানী জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।