ঢাকা | মঙ্গলবার | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাঘডোকারা ঘাটে ব্রিজ নির্মাণের দীর্ঘ প্রতীক্ষা এখনো দূর হয়নি ৫৪ বছর পরেও

পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৩ নং বনগ্রাম বেংহাড়ী ইউনিয়ন এবং ৪ নং কালিয়াগঞ্জ ইউনিয়নের মাঝখানে অবস্থিত করতোয়া নদীর বাঘডোকারা ঘাটে ব্রিজ নির্মাণের দাবি বহুদূর অপেক্ষিত হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও সেই স্বপ্ন পূরণ হয়নি। দীর্ঘদিন ধরে এই সেতুটি না হওয়ায় স্থানীয় জনগণ প্রতিদিন অপার ভোগান্তির মুখোমুখি হচ্ছেন।

এই নদী পাড়ি দিয়ে দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করে থাকেন। বিশেষত শিক্ষার্থী, রোগী ও কৃষকরা বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যাতায়াতের গুরুতর সমস্যা দেখা দেয়। বর্ষার সময় নৌকা বা বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হয়, যা শিশু ও বৃদ্ধদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

স্থানীয়রা জানান, স্বাধীনতার পর থেকে ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচনের পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তা মাঠে বাস্তবায়িত হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ব্রিজ নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে এবং প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়া চলছে, কিন্তু এখনও অনুমোদন না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি।

তারা আরও বলেন, ব্রিজটি নির্মিত হলে দুই ইউনিয়নের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসবে। অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে এটি নতুন দিগন্তের সূচনা করবে।

সচেতন জনগণও দীর্ঘদিনের এই ন্যায্য দাবিকে স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে। দেশের উন্নয়নে এই ব্রিজ নির্মাণ একটি গুরুত্বপূর্ণ ধাপ হবে বলে স্থানীয়রাও আশা প্রকাশ করেছেন।