ফেনী অঞ্চলে ২০২৪ সালের ভয়াবহ বন্যার পর বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন উন্নয়নমূলক, সংস্কার ও পুনর্গঠন কাজ শুরু করেছে। সোমবার (২৩ জুন) সকাল ১১টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর চরাবা হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন।
বিমান বাহিনী প্রধান ফেনী অঞ্চলে বন্যা পরবর্তী উন্নয়নমূলক সংস্কার ও পুনর্গঠন প্রকল্পের উদ্বোধন করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুদানের চেক প্রদান করেন। অনুষ্ঠানের পর তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সফলতা কামনা করা হয়।
বিমান বাহিনী প্রধান নবনির্মিত শাহীন ভবনের উদ্বোধন করেন, যা ছাগলনাইয়া উপজেলার হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের জন্য তৈরি করা হয়েছে। এছাড়া দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন কাজও পরিদর্শন করেন।
ফেনী জেলার বন্যাদুর্গতদের সহায়তায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত ত্রাণ বিতরণ, মেডিকেল সেবা ও চিকিৎসা সহায়তার কার্যক্রম পরিদর্শন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণও করেন প্রধান অতিথি।
বক্তৃতায় বিমান বাহিনী প্রধান ফেনী জেলায় ২০২৪ সালের আকস্মিক বন্যাকালে এবং পরবর্তী সময়ে বিমান বাহিনীর ভূমিকা ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিমান বাহিনী সবসময় দেশ ও জনগণের পাশে থাকবে। বৃক্ষরোপণ ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও এলাকার মানুষের অকৃত্রিম সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সব ধরনের আর্থিক, ত্রাণসহ সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতি ধন্যবাদ জানান।
বন্যার সময় বিমানের পেশাদারিত্বের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্ন এলাকায় দ্রুত এয়ার রেকোনাইসেন্স মিশন পরিচালনা করে ত্রাণ এবং চিকিৎসা কার্যক্রম চালানো বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান তিনি।
সূত্র জানায়, বিমান বাহিনীর তত্ত্বাবধানে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা, ধর্মীয় উপাসনালয় ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সংস্কার কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষত, হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ের জন্য নির্মিত চারতলা ‘শাহীন ভবন’ ভবিষ্যতে দুর্যোগ আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে। এসব উন্নয়নমূলক কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়ন করেছে ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার ও ঘাঁটি একে খন্দকার।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, উর্ধ্বতন বিমান বাহিনী কর্মকতাবৃন্দ, ফেনী জেলা প্রশাসক, সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








