বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, একটি দল সবসময় ভুল পথে বিভ্রান্তিকর রাজনীতি করে এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তিনি শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তরের বিএনপির পদযাত্রায় বলেন, ‘‘তারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, পরবর্তীতে জনগণের অনুভূতির বিরুদ্ধে গিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এখন তারা আবার এমন পরিস্থিতি তৈরি করে সুবিধা আহরণের চেষ্টা করছে। আমি তাদের নাম বলব না, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি।’’
সালাহউদ্দিন বলেন, বর্তমানে দেশের সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালু করার দাবি করেন কিছু দল। পাশাপাশি তারা স্থানীয় সরকার নির্বাচনের আগে আয়োজন করার চাপও দিয়ে যাচ্ছে। তবে এসব দাবির পেছনে রয়েছে অনৈতিক উদ্দেশ্য। তিনি বলেন, ‘‘যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান আর জাতীয় সংসদ নির্বাচন থেকে আগে স্থানীয় সরকার নির্বাচন করার দাবি তুলছেন, তাদের উদ্দেশ্য খারাপ।’’
তিনি আরও বলেন, একদল দীর্ঘ ১৬ বছর ধরে চরমোনাই পীর প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, কিন্তু এখন সেই দল পিআর ছাড়া নির্বাচন হবে না বলে দাবি করছে। জামায়াতের নাম না করেও তিনি বলেন, সবসময় বিভ্রান্তিকর রাজনীতির মধ্যে থাকা আরেকটি দল তাদের সঙ্গে জোট বাঁধেছে।
বিএনপির এই নেতা বলেন, অধিকাংশ বাংলাদেশি জনগণ পিআর ব্যবস্থাকে ভালোভাবে বোঝে না। একজন সংসদ সদস্য একটি নির্দিষ্ট এলাকা থেকে নির্বাচিত হয়ে এলাকার সমস্যা সমাধানে কাজ করে। কিন্তু পিআর ব্যবস্থায় কোনো প্রার্থী আপনার এলাকাকে প্রতিনিধিত্ব নাও করতে পারে। এটি জনগণের জন্য বোধগম্য নয়।
সালাহউদ্দিন আরও বলেন, আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে এবং তাদের তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের সাংবিধানিক অধিকার রয়েছে। তিনি দাবি করেন, ‘‘আমরা এই সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হিসেবে গণ্য করি। তাদের মূল দায়িত্ব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সংসদ নির্বাচন নিশ্চিত করা, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো কর্তৃত্ব তাদের নেই।’’
শেষে তিনি বলেন, ‘‘যারা এই অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আগে করার জন্য চাপ দিচ্ছেন, তারাই বিভ্রান্তি সৃষ্টি করে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।’’








