দেশে প্রথমবারের মতো গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। চীন (হংকং)ভিত্তিক গ্রিন পিউর হাউসওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা গড়তে ভূমি ইজারা চুক্তি করেছে।
রোববার (১ মার্চ) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় ৩০.৪৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে কারখানাটি স্থাপন করা হবে।
নতুন প্রতিষ্ঠানে প্রধানত গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট নির্মাণ করা হবে—যা মাটিবিহীন চাষের জন্য ব্যবহৃত বিশেষায়িত, বহনযোগ্য কাঠামো। এছাড়া ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন ও পিই প্যাকেজিং ফিল্মও উৎপাদিত হবে। হাইড্রোপনিক্স টেন্টকে একটি নন-ট্র্যাডিশনাল ও উচ্চমূল্য সংযোজক রপ্তানি পণ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা বেপজার পণ্য বহুমুখীকরণ ও বিশেষায়িত বৈশ্বিক বাজারে প্রবেশের কৌশলের সঙ্গে সুসঙ্গত।
উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটির ফলে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় তিন হাজার বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং গ্রিন পিউর হাউসওয়্যার (বিডি) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. ওয়াং শেনিউ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে বলেন, ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়া হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই প্রকল্পটি স্থানীয় কৃষি-প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে, প্রযুক্তি স্থানান্তর ও সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।








