দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় রাজধানী ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশ ফিরেছেন। বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল সোয়া ৫টায় তারা ঢাকার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।
গত ২১ জুন এই সফরের প্রথম ধাপে প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁড়ান। সেখানে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন বিকেল নাগাদ কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন।
চীন সফরের সময় তিনি দেশটির প্রধানমন্ত্রী ও অন্যান্য উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। সফরের শেষ পর্বে শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে চীনের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গেও তিনি শীর্ষ পর্যায়ের বৈঠকে মিলিত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশি সফর। কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের দিক থেকে এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে।








