ঢাকা | বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় ঘটনা জুলাই অভ্যুত্থান: মনির হায়দার

ঐকমত্য প্রধান উপদেষ্টা ও সাংবাদিক মনির হায়দার বলেন, মুক্তিযুদ্ধের পর এদেশে সবচেয়ে বড় ঘটনা হলো জুলাই অভ্যুত্থান। গত ৫৩ বছরে বাংলাদেশের ইতিহাসে এমন এক গুরুত্বপূর্ণ ঘটনা আর ঘটেনি, যা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর অন্য কোথাও তত বড় কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনার পর সরকার, মন্ত্রী, সংসদ সদস্য থেকে মসজিদের ইমাম পর্যন্ত সবাই পালিয়ে গিয়েছিল।

শনিবার বিকেলে গাংনী মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মনির হায়দার আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দল থাকবে। কিন্তু ফ্যাসিবাদী কোনো দল থাকবে না, বিশেষ করে আওয়ামী লীগ আর কখনো ফ্যাসিবাদী শক্তি হিসেবে ফিরে আসতে পারবে না। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বলেন, ‘‘আমরা নিছক রাজনৈতিক বিরোধী হতে পারি, তর্ক-বিতর্ক করব, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সকলকে মিলেমিশে প্রতিবাদ করতে হবে। কারণ আমাদের একমাত্র শত্রু ফ্যাসিবাদ।’’

তিনি উল্লেখ করেন, ফুটবল টুর্নামেন্ট শুধুমাত্র একটি খেলা নয়, এটি আমাদের ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। জুলাই ২৪ ঘটনা আমাদের শিক্ষা দিয়েছে যে, ২০২৪ সালের আগে এবং পরে বাংলাদেশের পরিবর্তন রাত ও দিনের মতো স্পষ্ট।

জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে মনির হায়দার বলেন, ‘‘আমাদের জুলাইয়ের ঘটনা ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং এই আন্দোলনকে আমাদের চলমান শক্তি হিসেবে নিয়ে চলতে হবে। রাত্রি-দিনের মতো আমরা সব সময় এটি স্মরণ করব।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাকিল আহমাদ। এছাড়া গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা এবং গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বিশেষ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি মনির হায়দার দুই দলের ফুটবল খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুটবলে কিক মারার মাধ্যমে খেলাটির উদ্বোধন ঘোষণা করেন।

হাজার হাজার নারী-পুরুষ উল্লাস ও উৎসাহের সঙ্গে এই ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।