অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুসলিম বিশ্বের মধ্যে বাংলাদেশ ও মরক্কোর নেতৃত্বমূলক ভূমিকা আরও জোরদার করতে পারস্পরিক সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, মরক্কোর রাজধানী রাবাতে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে তার বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। মরক্কোর জাতীয় শিক্ষা, প্রাক-প্রাথমিক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদার সঙ্গে গতকাল এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে মরক্কোর মন্ত্রী দেশটির সমন্বিত শিক্ষা ও ক্রীড়া কাঠামোর বিস্তারিত তুলে ধরেন। তিনি বিশেষ করে মরক্কোর ‘‘স্টাডি অ্যান্ড স্পোর্টস’’ মডেল নিয়ে আলোচনা করেন, যা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তারে তাঁদের নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।
উপদেষ্টা আসিফ মরক্কোর বাদশাহ মোহাম্মেদ ষষ্ঠের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং দেশটির শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে অর্জিত অগ্রগতির জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘‘মরক্কোর শিক্ষা ও ক্রীড়ার সমন্বিত মডেলকে একটি রোল মডেল হিসেবে বিবেচনা করা উচিত।’’
এছাড়াও, উপদেষ্টা ক্রীড়াঙ্গনে প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দেন। দুই দেশের মুসলিম বিশ্বের নেতৃত্বমূলক ভূমিকা আরও শক্তিশালী করতে পারস্পরিক সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন এবং আগামী ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ‘‘গ্লোবাল ইয়ুথ সামিট’’-এ মরক্কোর মন্ত্রী মোহাম্মদ সাদ বেরাদাকে আমন্ত্রণ জানান।
মরক্কোর মন্ত্রী বাংলাদেশের শিক্ষা এবং যুব উন্নয়নে সাম্প্রতিক অর্জনের প্রশংসা করেন। তিনি জানান, মরক্কো প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্লাসরুমকে আরও আনন্দদায়ক ও শিক্ষণীয় করে তোলার চেষ্টা চালাচ্ছে। তাদের দেশে শিক্ষার্থীদের একাডেমিক তথ্য একটি ডেটাবেইজে সংরক্ষণ করা হচ্ছে, যা নীতিনির্ধারণে সহায়তা করছে।
উভয়পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, এই বৈঠকে শিক্ষা ও ক্রীড়াখাতে বাংলাদেশ-মরক্কো সহযোগিতা নতুন মাত্রা পাবে এবং ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে।








