ঢাকা | বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মেট্রো রেল স্টেশনে অগ্নি-নির্বাপণ ও উদ্ধার মহড়া সফলভাবে অনুষ্ঠিত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উত্তরা সেন্টার এবং বিজয় সরণি মেট্রো রেল স্টেশনগুলোতে গত ২৫ জুন সকাল ১১টা এবং বিকেল ৩টায় সফলভাবে অগ্নি-নির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও বহির্গমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়া আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, যেখানে ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, সিজার লিফট, অ্যাম্বুলেন্স ও স্নোরকেল গাড়িসহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জামের ব্যবহার করা হয়।

মহড়ার মূল উদ্দেশ্য ছিল মেট্রো রেলে বা মেট্রো রেল স্টেশনে হঠাৎ অগ্নিদুর্ঘটনা ঘটলে যাত্রীদের নিরাপদে সুরক্ষা দেয়া, অগ্নিনির্বাপন কার্যক্রম পরিচালনা, সাধারণ যাত্রী ও দর্শকদের দ্রুত ও নিরাপদে ইভাকুয়েট করা এবং আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে প্রেরণ করা। ওয়ার্কশপের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবমুখী অনুশীলনের মাধ্যমে পুনরায় যাচাই করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি মেট্রো রেলের নিরাপত্তা কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়া চলাকালীন মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করে।

মহড়া শেষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপপরিচালক মোঃ ছালেহ উদ্দিন গণমাধ্যমকর্মীদের ব্রিফিং দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তারা উল্লেখ করেন, এই মহড়া মূলত সচেতনতা সৃষ্টি এবং প্রকৃত দুর্ঘটনার সময় মেট্রো কর্তৃপক্ষ ও যাত্রীদের করণীয় সম্পর্কে যথাযথ নির্দেশনা দেয়ার জন্য আয়োজন করা হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ মহড়া নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

মহড়া পরিচালনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান ছিলেন নির্দেশক, আর অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাজাহান শিকদার এবং সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হানুল আশরাফ। অনুষ্ঠানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মী উপস্থিত ছিলেন।

সূত্র: ফায়ার সার্ভিস মিডিয়া সেল