ঢাকা | শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

শ্রম আদালতের মামলার জট কমাতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে মন্ত্রণালয়: শ্রম সচিব

শ্রম আদালতের বিচারকদের জন্য আয়োজিত চার দিনব্যাপী “Labour Justice Source: A Training for Judges” শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রম আদালতে জমে থাকা মামলার জট দ্রুত ও আন্তরিকতার সঙ্গে নিষ্পত্তি করতে হবে। তিনি জানান, জনবল সংকট পূরণসহ অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট প্রদানে মন্ত্রণালয় সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আইএলও-এর উদ্যোগে গাজীপুরে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে শ্রম সচিব আরও বলেন, শ্রমিক ও মালিক পক্ষের বিরোধ ও সংশ্লিষ্ট মামলাসমূহ নিষ্পত্তিতে বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন জেলার শ্রম আদালতের বিচারকদের দ্রুত ও কার্যকরভাবে মামলা নিষ্পত্তি করার জন্য উৎসাহিত করা হচ্ছে। প্রয়োজনে তাদের সকল ধরনের লজিস্টিক সাপোর্ট প্রদান নিশ্চিত করা হবে।

শ্রম সচিব আরও বলেন, মামলার জট কমাতে শ্রম আদালতের সংখ্যা বাড়ানো এ সময় অপরিহার্য। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচারকদের উদ্যোগী হতে হবে। এছাড়াও, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইএলও এর কনভেনশন C155, C187, এবং কর্মস্থলে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি রোধে C190 এর অনুস্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে। অনুস্বাক্ষরের পর এসব কনভেনশন বাস্তবায়নের মাধ্যমে কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধে আইনগত কাঠামো গড়ে তোলা হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এই ধরনের প্রশিক্ষণ শ্রম আইন ও ন্যায়বিচার প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা রাখছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, এসব উদ্যোগ শ্রম খাতের উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

প্রশিক্ষণে আইএলও এর প্রতিনিধি, শ্রম আদালতের বিচারকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।