উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত লঘুচাপটি একই অঞ্চলে স্থির অবস্থান করছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৩০ জুন) আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা সামুদ্রিক আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের প্রবণতা বেড়ে গেছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারদের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উপকূলের কাছে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
নদীবন্দরে ১ নম্বর সংকেত
এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই সতর্কতা কার্যকর থাকার কারণে সংশ্লিষ্ট সকলের পূর্বপ্রস্তুতি নেওয়া এবং সাবধানতা অবলম্বন করা জরুরি।








