ঢাকা | সোমবার | ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি

সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য বৈঠক, মুখ খুললেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো গোপন বৈঠক হয়নি। এটি ছিল শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ। ‘‘যদি কোনো গোপন বৈঠক হতো, তাহলে অবশ্যই আমরা প্রেস রিলিজ দিতাম না। আমরা যে প্রেস রিলিজ দিয়েছি, তাতেই স্পষ্ট করা হয়েছে যে এটি একটি সৌজন্য সাক্ষাৎ,’’ বলেন তিনি।

গতকাল শনিবার বিকালে খুলনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে শফিকুল আলম আরও বলেন, ‘‘আপনারা প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে নজর দিন এবং কোথায় কী সংস্কারের প্রয়োজন তা বিস্তারিত রিপোর্ট করুন।’’

আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ‘‘শুধু আগামী নির্বাচন নয়, আগামী সকল নির্বাচনই হবে উৎসবমুখর।’’ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটগ্রহণকে স্বাচ্ছন্দ্যময় করতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সহ বিভিন্ন জায়গায় সংস্কারের কাজ শুরু হয়েছে।

খুলনার ক্রীড়ানগর উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করে প্রেস সচিব বলেন, ‘‘খুলনাকে ছাড়া দেশের ক্রীড়াবিদ এবং ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। স্টেডিয়ামের উন্নয়নের মাধ্যমে খুলনায় আবারো আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন করা হবে, এ ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে।’’