বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সুবিধাজনক সময়ে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির কমিউনিস্ট পার্টি (সিপিসি)।
সোমবার (২৩ জুন) সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ও জাতীয় গণকংগ্রেস স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এই বৈঠক বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলেতে অনুষ্ঠিত হয়, যেখানে সিপিসি নেতারা বিএনপি প্রতিনিধিদলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান।
শায়রুল কবির খান জানিয়েছেন, বৈঠকে লি হংঝং তারেক রহমানকে ভবিষ্যতে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। পাশাপাশি, উভয় পক্ষ চীন ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার জন্য নিয়মিত আলোচনা এবং সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বারোপ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ভূমিকাকে প্রশংসা করে বলেন, চীন বহুপক্ষীয় সহযোগিতা বাড়িয়ে আরও ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে তাঁর আশা।
এর আগে, বিএনপির প্রতিনিধিদল চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের সদর দপ্তর পরিদর্শন করে এবং চীনের অবকাঠামো উন্নয়নে চলমান কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এই সফর দুই দলের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগামীতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা জাগায়।
রবিবার রাতে সিপিসির আমন্ত্রণে বিএনপির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেয়। প্রতিনিধি দল বেইজিংয়ে পৌঁছানোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবে। দলটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, দলের মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার।








