ঢাকা | রবিবার | ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে সারাদিনে বিভিন্ন পর্যায়ে এই স্থলবন্দর দিয়ে মোট ৪১৯ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। এর আগে রবিবার সন্ধ্যায় আমদানির প্রথম চালানটি বন্দরে এসে পৌঁছায়।

বেসরকারি বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বলেন, দীর্ঘ বিরতির পরে সীমিত পরিসরে আমদানির অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ট্রাকযোগে পেঁয়াজের আনুপাত শুরু হয়। এতে দ্রুত আমদানি বাড়ছে বলে জানান।

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, আজ নতুন করে ১০ জন ব্যবসায়ীকে ২৭টি আইপি বা ইমপোর্ট পারমিটের বিপরীতে ২৯৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর আগে রবিবার দুজন আমদানিকারক প্রথম চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ এনেছিলেন। উল্লেখ্য, এই বন্দর দিয়ে সর্বশেষ পেঁয়াজ আমদানি হয়েছিল গত ৯ সেপ্টেম্বর।

বর্তমানে দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকায় সরকারী এই সিদ্ধান্তের খুবই প্রশংসা করেছেন স্থানীয় ক্রেতা, বিক্রেতা ও সাধারণভোক্তারা। তারা আশা প্রকাশ করেছেন, আমদানি অব্যাহত থাকলে বাজারে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাবে এবং এর দাম দ্রুত কমে আসবে। তারা আরও দাবি করেছেন, যতক্ষণ পর্যন্ত নতুন দেশীয় পেঁয়াজ বাজারে পুরোপুরি না আসবে, ততক্ষণ এই আমদানি কার্যক্রম চলমান থাকুক।