প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বৃক্ষরোপণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো হবে—যা এই উদ্যোগকে সফল করতে অত্যন্ত জরুরি।
শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবস সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেয়া হয়। বৈঠকে সরকারের দীর্ঘমেয়াদি পরিবেশগত উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য চূড়ান্ত করা হয়েছে।
সভায় বলা হয়, আগামী সপ্তাহেই চট্টগ্রাম থেকে এ বৃহৎ বনায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত নানা কর্মসূচির প্রস্তুতি, চলমান বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন এবং বাস্তবায়ন পরিকল্পনা, মনিটরিং ব্যবস্থা ও সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ নিয়ে মতবিনিময় করেন।
একই দিনে প্রধানমন্ত্রী সভাপতিত্বে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন সংক্রান্ত একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় প্রযুক্তি, মানবসম্পদ ও উপকরণ ব্যবহার করে কিভাবে সাশ্রয়ী মূল্যে মানসম্মত অ্যাম্বুলেন্স তৈরি করা যায় তা নিয়ে বিভিন্ন কারিগরি বিষয় ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সরকারি উদ্যোগগুলোর উদ্দেশ্য হলো পরিবেশ সংরক্ষণ, জলবায়ু ঝুঁকি কমানো এবং স্থানীয় শিল্প ও প্রযুক্তিকে উৎসাহ দিয়ে দেশের সার্বিক সক্ষমতা বাড়ানো।








